হাইটেক পার্কে ওরাকলের স্থায়ী অফিস ও ডেভলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান
স্থানীয় এবং বৈশ্বিক সফটওয়্যার কোম্পানির মধ্যে যুথবদ্ধতার ওপর গুরুত্ব দিয়ে সফটওয়্যার প্রতিষ্ঠান ওরাকলকে বাংলাদেশে তাদের কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জনিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বাংলাদেশে অফিস স্থাপনের পরবর্তী পদক্ষেপ হিসেবে ওরাকল বিশ্ববিদ্যালয় পর্যায়ে সার্টিফিকেশন কোর্স চালু, ইনোভেটিভ সল্যুশন নিয়ে সার্টিফিকেশন কোর্সের মাধ্যমে দেশজুড়ে নির্মিয়মান ২৮টি হাইটেক পার্ক ও ৬৪টি শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিবেশন সেন্টারে স্টার্টাআপদের প্রয়োজনীয় সাপোর্ট দেবে বলে প্রত্যাশা করছেন প্রতিমন্ত্রী।
বৃহস্পতিবার ওরাকল বাংলাদেশের অফিস উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক বলেন, ওরাকল বাংলাদেশের স্টার্টআপদের জন্য তাদের সার্টিফিকেশন, সল্যুশন, মেন্টরিং সার্পোট দেবে বলে আমি প্রত্যাশা করছি। আশা করছি খুব কম সময়ের মধ্যে আমি হাইটেক পার্কে ওরাকলের স্থায়ী অফিস দেখতে পাবো। সেখানে ওরাকল তাদের ডেভেলপমেন্ট সেন্টার করবে।
তিনি বলেন, গতকাল বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান ওমর ইশরাক ইন্টেল এর চেয়ারম্যান হয়েছেন। এটা আমাদের জন্য গর্বের। এই শুভ সংবাদের সঙ্গে আমি আপনাদের ওরাকল নীতিনির্ধারকদে নিশ্চয়তা দিতে চাই যে, গত পরশু আমি উল্কা স্যামাই পরিদর্শনে গিয়েছিলাম। এটি বাংলাদেশে প্রধানতম একটি চিপ ডিজিাইন কোম্পানি। বিশ্বের নামী প্রতিষ্ঠানগুলোর জন্য সেখানে শতাধিক ডেভলপার সেখানে কাজ করছে। তারা বিশ্বমানে সেমি কন্ডাক্টর ও চিপ ডিজাইন করে বিশ্ববাজারে সরবরাহ করছে। অর্থাৎ আমাদের ট্যালেন্ট রয়েছে। এখন প্রয়োজন সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং স্থানীয় ও আন্তর্জাতিক সফটওয়্যার কোম্পানিগুলোর মধ্যে সেতুবন্ধন রচনা করা।
তিনি বলেন, আমাদের ১৫০টি বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর ১৫ হাজারের বেশি সফটওয়্যার প্রকৌশলী বের হচ্ছেন। কয়েক হাজার ওরাকল সার্টিফায়েড ওরাকল ইঞ্জিনিয়ার দেশ এবং দেশের বাইরে বিভিন্ন সফটওয়্যার কোম্পানিতে কাজ করছেন।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দেশের স্থানীয় সফটওয়্যার কোম্পানিগুলো প্রধান ভূমিকা পালন করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ১১ বছর আগে আইসিটি খাত থেকে আমাদের রপ্তানি আয় ছিলো মাত্র ২৬ মিলিয়ন ডলার। কিন্তু গত বছর এই আয় বিলিয়ন ডলার অতিক্রম করেছে। আমি অবশ্যই উল্লেখ করতে চাই, এই সফলতা এবং ডিজিটাল রূপান্তরে ওরাকল আমাদের অকৃত্রিম বন্ধু। কেননা রাজস্ব বোর্ড, জাতীয় ডেটা সেন্টার, নির্বাচন কমিশনসহ অনেক বেসরকারি কোম্পানি ওরাকল প্রযুক্তি ব্যবহার করছে।